গবেষক সংখ্যায় বাংলাদেশের শীর্ষ ১০-এ ৪ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিশ্বসেরা গবেষক সংখ্যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ ১০ এ রয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যলয় রয়েছে ৪টি। এর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বুয়েট। চতুর্থ শাবিপ্রবি, ষষ্ঠ কুয়েট এবং সপ্তম নবিপ্রবি।
আন্তর্জাতিক উচ্চশিক্ষালয় ও গবেষকদের নিয়ে কাজ করা বৈশ্বিক র্যাঙ্কিং সংস্থা আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং এর ২০২৪ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গবেষক সংখ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (৬৬৫), দ্বিতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৫০৩), তৃতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৯২), ৪র্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৭৮), ৫ম রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৩৭), ৬ষ্ঠ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (২০৯), সপ্তম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৮) অষ্টম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৭৮), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৪) এবং দশম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৭৩)।
তবে বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৬৭টি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৪৩ হাজার ৯৩ জন বিজ্ঞানী ও গবেষক এ তালিকায় স্থান পেলেও এশিয়ার সেরা এক হাজারে নেই বাংলাদেশের কোনো গবেষক।
তালিকায় বাংলাদেশের ২০১টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ১০ হাজার ৩৩ জন বিজ্ঞানী এবং গবেষক স্থান করে নিয়েছেন। এবারের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৬৫ জন শিক্ষক ও গবেষক। একক বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হিসেবে এটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।
এবারের বার্ষিক তালিকায় বাংলাদেশের ১০ হাজার ৩৩ জন গবেষকের নাম এসেছে। এতে শীর্ষ দু’জন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষক। প্রথমজন হলেন প্রতিষ্ঠানটির গবেষক রাশেদুল হক এবং দ্বিতীয়জন হলেন ফেরদৌসি কাদেরি। এছাড়া তালিকায় স্থান পেয়েছেন প্রতিষ্ঠানটির ২৭০ জন গবেষক।
বাংলাদেশ থেকে প্রথম হওয়া রাশেদুল হকের বৈশ্বিক অবস্থান ১১ হাজার ৫১৪তম। আর এশিয়ার মধ্যে অবস্থান এক হাজার ১১৫তম। আর দ্বিতীয় অবস্থানে থাকা একই প্রতিষ্ঠানের গবেষক ফেরদৌসি কাদেরির বৈশ্বিক অবস্থান ১৯ হাজার ৯৭১তম। এশিয়ার মধ্যে অবস্থান দু’হাজার ১০৯তম।
অন্যদিকে বাংলাদেশ থেকে তৃতীয় অবস্থানে থাকা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) মোহাম্মদ রহমতউল্লাহর বৈশ্বিক অবস্থান ৩২ হাজার ৭০০তম এবং এশিয়ার মধ্যে তিন হাজার ৭২২তম। অর্থাৎ আঞ্চলিক র্যাঙ্কিং বিচারে তালিকায় স্থান হয়নি দেশীয় কোনো গবেষকের।
তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ৬৬৫ জন শিক্ষক বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। এছাড়া ৫০৩ জনের স্থান হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। ৪৫৬ জনের স্থান পেয়েছেন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে।
তালিকায় আরও রয়েছে—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯২ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৩৭, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭৮, আইসিডিডিআর,বি’র ২৭০, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭৩ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭৪ জন।





